জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতেই নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এদিকে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা এবং রাষ্ট্রীয় বিমানের দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি।
আজকের সিলেট/ জেকেএস









