শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৮:১১:২৮ অপরাহ্ন

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনা


দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি—এই চার পদে ভোট দেন চা শ্রমিকেরা।

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক শ্রমিককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোটকে কেন্দ্র করে বাগানগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর