মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মশারিতে ঢেকে নগরীতে প্রতিবাদ, সিসিককে এক মাসের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৬:৫২:২৭ অপরাহ্ন

মশারিতে ঢেকে নগরীতে প্রতিবাদ, সিসিককে এক মাসের আলটিমেটাম


সিলেট নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগের অভাবের অভিযোগ তুলে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুটি সামাজিক সংগঠন। মশার উৎপাত থেকে নগরবাসীকে রক্ষায় মশারি টানিয়ে নগরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করেছেন সংগঠন দুটির নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা।

মঙ্গলবার ‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আমরা আর দেখতে চাই না’ এমন স্লোগানে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। পরে সেখান থেকে মশারি টানিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শীতের শুরুতে মশার উপদ্রব বাড়তে পারে এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট সিটি করপোরেশনের আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু মশক নিধনে দৃশ্যমান তৎপরতা থাকলেও ব্যবহৃত ওষুধে মশা মরছে না। ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। মশার যন্ত্রণায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, মশক নিধনে আগামী এক মাসের মধ্যে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশন প্রাঙ্গণে মশারি ও মশা নিধনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সমাবেশ ও শোভাযাত্রায় সংগঠন দুটির জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীসহ অর্ধশতাধিক নাগরিক অংশ নেন।

এ বিষয়ে মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, মশক নিধনে কার্যকর অভিযান শুরু করতে সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে মশারি ও মশা নিধনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে সিলেট নগরে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধনে বিশেষ অভিযান শুরু করে সিলেট সিটি করপোরেশন।

এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, গত মাস থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। সিসিকের কাছে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় মশার ওষুধ ছিটানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর