শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, নিউইয়র্কে বাতিল শতবর্ষের থ্যাঙ্কসগিভিং প্যারেড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১০:৪১:০৩ পূর্বাহ্ন

শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, নিউইয়র্কে বাতিল শতবর্ষের থ্যাঙ্কসগিভিং প্যারেড


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। এতে দেশজুড়ে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে বিঘ্ন ঘটেছে। বিশেষ করে নিউইয়র্ক অঙ্গরাজ্যে পণ্ড হয়েছে উৎসবের আয়োজন। ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। উপকূলীয় এলাকাগুলোতে দেখা দিয়েছে বন্যা ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট।

প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন করা হয়। ১৬২১ সালে শস্য কাটার মৌসুমের সমাপ্তি উপলক্ষে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ উৎসবের সূচনা হয়। পরবর্তী সময়ে তা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। ১৮৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন থ্যাঙ্কসগিভিং ডেকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রজুড়ে উৎসবটি উদযাপিত হলেও এর অন্যতম প্রধান আকর্ষণ নিউইয়র্ক সিটির ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’। তবে শক্তিশালী ঝড়ের কারণে এবার ঐতিহ্যবাহী এই পদযাত্রা আয়োজন করা সম্ভব হয়নি। আয়োজকদের ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতিতে প্যারেড স্থগিত করতে হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। একই সময়ে বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।

অন্যদিকে, ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক ছাড়াও পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এদিকে, ঝড়ের কারণে মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড স্থগিতের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক প্রশাসন। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় মেয়র মামদানি বলেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছি। সবার নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।”

ভিডিওবার্তায় ঝড়ের সময় নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীকে ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলা এবং নগরীর জরুরি সেবা দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর