রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ১০:৩১:১৪ পূর্বাহ্ন

সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম


আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে স্টেডিয়ামের প্রয়োজনীয় প্রস্তুতি ও সংস্কারকাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সভায় বিসিবির পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বমানের এ আয়োজন সফল করতে স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শুরু করা জরুরি।

বিসিবি সভাপতি তামিম ইকবালসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা তাঁর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। পরে মাঠ সংস্কার এবং এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামের ‘গ্রিন গ্যালারি’ সংস্কারের প্রস্তাবও দেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (এনএসসি) কাছ থেকে গ্রিন গ্যালারি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়া না গেলে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে এ কাজ করা হবে।

উল্লেখ্য, আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারে অর্থ বরাদ্দ দেওয়ায় বিসিবি সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বোর্ডের পরিচালক এবং ডিসিপ্লিনারি কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়ায় বিসিবি সভাপতি ও পরিচালনা পর্ষদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগ সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর