রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

কুয়াশার চাদরে ঢাকছে শ্রীমঙ্গল, তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ১১:০৫:০০ পূর্বাহ্ন

কুয়াশার চাদরে ঢাকছে শ্রীমঙ্গল, তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে


চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধীরে ধীরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশার চাদরে। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুতে ঝিলিক দিচ্ছে সকালের আলো। হিমেল বাতাসের মৃদু পরশে প্রকৃতিতে আসছে শীতের ছোঁয়া। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে যেন রয়ে যাচ্ছে শীতের আমেজ। সব মিলিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের আগমনী আবহ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতায় শীতের অনুভূতি আরও বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও রাতের দিকে ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে। ফলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শীতের এই প্রাথমিক আবহে শ্রীমঙ্গলের প্রকৃতিতেও আসছে পরিবর্তন। চা বাগানের সবুজ পাতার ফাঁকে ফাঁকে জমছে কুয়াশা। দূর থেকে পাহাড়ের ঢাল ও চা বাগানের সারি যেন সাদা মেঘের আবরণে ঢাকা পড়ছে। ভোরের পথে হাঁটতে বের হওয়া মানুষের গায়ে বাড়ছে গরম পোশাকের ব্যবহার। কেউ কেউ শীতের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রকৃতির এই রূপান্তর শ্রীমঙ্গলের পরিচিত সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।

চায়ের রাজধানী হিসেবে শ্রীমঙ্গলের শীতের সকাল বরাবরই আলাদা আকর্ষণ বহন করে। কুয়াশায় ঢাকা চা বাগান, পাতার ওপর শিশিরের বিন্দু আর ঠান্ডা বাতাসের মিতালি প্রকৃতিপ্রেমীদের কাছে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর