২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১০ PM

২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৯:৪৫:১২ AM

২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি


ইন্টার মায়ামিতে লিওনেল মেসির নতুন অধ্যায় আরও দীর্ঘ হলো। আগেই গুঞ্জন ছিল, চুক্তি নবায়নের সব বিষয় প্রায় নিশ্চিত। এবার সেই আনুষ্ঠানিক ঘোষণাও দিল ক্লাব। ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার।

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আড়াই বছরের সেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল এ বছরই। তার আগেই বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তি নবায়নের ঘোষণা দেয় ক্লাবটি।

বার্সেলোনা কিংবদন্তি মেসি আগেই জানিয়েছিলেন, মায়ামিই হবে তার শেষ ক্লাব। তবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো অবসরের কোনো ইঙ্গিত দেননি। নতুন চুক্তি বলছে, অন্তত ৪০ বছর বয়স পর্যন্ত মাঠে দেখা যাবে তাকে।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটিকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন মেসি। তার আগমনের প্রথম বছরেই দল জেতে লিগস কাপ, যা ছিল ক্লাবটির ইতিহাসে প্রথম বড় ট্রফি। গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার ‘সাপোর্টার্স শিল্ড’ও জেতে মায়ামি। যদিও প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। চলতি মৌসুমে আবারও লিগস কাপের ফাইনালে উঠেও হারতে হয় তাদের।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে এখনো উজ্জ্বল মেসি। ২৮ ম্যাচে ২৯ গোল করে এমএলএসের মৌসুম শেষ করেছেন তিনি, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশভিল এফসির স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল। পাশাপাশি ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্ট তালিকাতেও শীর্ষে আছেন তিনি।

গোল ও অ্যাসিস্টের এমন পরিসংখ্যানে মৌসুমের সেরা ফুটবলার বা এমভিপি পুরস্কার পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই স্বীকৃতি পেতে যাচ্ছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

আগামী শনিবার বাংলাদেশ সময় সকালে প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। নতুন চুক্তি হাতে নিয়েই নতুন সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন জাদুকর।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর