সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, ধরমপুর গ্রামের কুদ্দুস দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভাড়াটে লোকজন দিয়ে নৌকার মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয় জনতা বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করে প্রশাসনকে খবর দেন।
এ সময় মূলহোতা হিসেবে অভিযুক্ত কুদ্দুস পালিয়ে যান।
খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক চারজনকে মোট ২ লক্ষ টাকা জরিমান, প্রত্যেকের উপর ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ইমন ও আলতাব আলী। তারা দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








