হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (১৯) এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রুমান মিয়া (২০)।
র্যাব-৯ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছেন।
তথ্য পাওয়ার পর বুধবার ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে অভিযানিক দলটি প্রস্তুতি নেয়। পরে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে একটি লাল-সাদা রঙের মোটরসাইকেল থামার সংকেত দেওয়া হলে সেটি থামে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন আটক দুজন। তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেছিলেন। বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে এসব গাঁজা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা স্বীকার করেন।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা আলামত হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








