হবিগঞ্জের চুনারুঘাটে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শানখলা ইউনিয়নের সাতটি করাতকল বন্ধ করে সিলগালা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে এসব করাতকল থেকে সংরক্ষিত বনের কাঠ ও বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।
অভিযান চলাকালে শানখলা ইউনিয়নের সাতটি করাতকলে বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাতকলগুলো সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সময় করাতকলগুলো থেকে সংরক্ষিত বনের কাঠ এবং বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট পাহাড়ি অঞ্চল হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে করাতকল গড়ে উঠেছে। এসবের মধ্যে কিছু করাতকল বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছে। অবৈধ করাতকলের কার্যক্রম বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘লাইসেন্সবিহীন সাতটি করাতকল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ করাতকল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আজকের সিলেট/ জেকেএস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








