সিলেটের গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সোয়া ৫টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার আগেই ওই এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় গোলাপগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতির কারণে মিছিলটি আর অনুষ্ঠিত হয়নি।
আটক ব্যক্তিরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ ছবেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
গোলাপগঞ্জ প্রতিনিধি 








