বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৮:১১:০৪ অপরাহ্ন

শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি


সুনামগঞ্জের শাল্লায় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া স্থগিত এবং বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। মঙ্গলবার আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা নিয়োগপ্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, ৪ নম্বর শাল্লা ইউনিয়ন বিএনপির সদস্য শফি মিয়া, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন রাফি এবং ছাত্রদল নেতা সবুজ হোসেন বাবু।

বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। নিয়োগ বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হওয়ায় এ প্রক্রিয়ায় দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা দিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান তাঁরা।

বিশেষ করে ৩ নম্বর বাহাড়া ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তাঁদের অভিযোগ, ‘ডেভিল হান্ট’ অভিযানে আসামি হিসেবে চিহ্নিত এক ব্যক্তির স্ত্রীকে সেখানে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ওই নারী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়কের স্ত্রী বলেও দাবি করেন তাঁরা। তাঁর কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই উল্লেখ করে বক্তারা জানতে চান, কী যোগ্যতার ভিত্তিতে এবং কার সুপারিশে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ ছাড়া হবিবপুর ইউনিয়নে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন বক্তারা। তাঁদের মতে, প্রার্থীদের যোগ্যতা, ব্যবসায়িক সক্ষমতা এবং রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, তাঁর অগোচরে শাল্লায় বিভিন্ন অনিয়ম ঘটছে বলে তাঁরা মনে করেন। সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত চিত্র প্রকাশ এবং অনিয়ম প্রমাণিত হলে বিতর্কিত নিয়োগ বাতিলের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ সময় ইউএনওর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তাঁরা তাঁকে শাল্লা থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

মানববন্ধন থেকে অবিলম্বে সার ডিলার নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বিকেল ৪টায় নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান বলেন, সার ডিলার নিয়োগের কার্যক্রম স্থগিত করতে সংসদ সদস্য জেলা প্রশাসককে (ডিসি) বলেছেন। এ বিষয়ে মন্ত্রী বরাবর ডিও লেটারও দিয়েছেন তিনি।

তাঁরা আরও জানান, সংসদ সদস্য বলেছেন, চীন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর