বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সিলেটে ডিবির অভিযানের সময় নদীতে ঝাঁপ, হাসপাতালে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৯:৫১:৩৭ অপরাহ্ন

সিলেটে ডিবির অভিযানের সময় নদীতে ঝাঁপ, হাসপাতালে রিকশাচালকের মৃত্যু


সিলেট নগরের কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীরের (জুয়া) বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দেওয়া জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদঘাট এলাকাল মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার শামিমাবাদ এলাকার ১ নম্বর রোডে বসবাস করতেন।

জজ মিয়া পেশায় রিকশাচালক ছিলেন। তাঁর আগে থেকেই হৃদ্‌রোগজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে আটক মোহন (২৮) ও রাজা (২৯) নামে দুই ব্যক্তিকে মোবাইল ফোনসহ উত্তেজিত জনতা নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে মুন্সিপাড়া এলাকায় অবস্থানকালে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কানিশাইল এলাকার মারুফের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মোহন ও রাজা নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী সাব্বির আহমদ (২৬) ও মনোয়ার ইসলাম (৪৫)-এর সামনে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনগুলোতে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপ এবং হোয়াটসঅ্যাপে জুয়া খেলার বিষয়ে বিভিন্ন বার্তা পাওয়া যায় বলে পুলিশ জানায়।

মোবাইল ফোন দুটি জব্দের প্রস্তুতিকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে জানান, ঘটনাস্থলের কাছাকাছি খেয়াঘাটে পুলিশের উপস্থিতি দেখে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে টিম ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থলের পাশের খেয়াঘাটে যান। সেখানে নদীর পাড়ে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় লোকজনের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বিকেল আনুমানিক ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানা হয়। তাঁর নাম জজ মিয়া (৫৮)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কান্তাল গ্রামের মুলু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর কানিশাইল এলাকায় বসবাস করতেন।

পুলিশের বিবরণ অনুযায়ী, জজ মিয়াকে উদ্ধারের সময় স্পেশাল টিমের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের হেফাজতে থাকা আটক মোহন ও রাজাকে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ নিয়ে যায়।

নিহত জজ মিয়ার মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর