বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৬:৪২:১৬ অপরাহ্ন

লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়


শারদীয় দুর্গাপূজার ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের অবসরে পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে। তবে শ্রীমঙ্গল শহরের যানজটে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

বুধবার সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর উদ্যানটি। জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রেও পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ আবার দলবেঁধে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন।

মৌলভীবাজারের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মনিপুরী পল্লী, মনু ব্যারাজ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ডিনস্টন সিমেট্রি, চা-কন্যা ভাস্কর্য, নীলকণ্ঠ টি কেবিন ও সীতেশ বাবুর চিড়িয়াখানা। সবুজ চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও পর্যটকদের আগ্রহ দেখা গেছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার পর প্রায় চার মাস বিরতির পর পূজার ছুটিতে আবার পর্যটকদের আগমন বেড়েছে। জেলায় অন্তত ১০ হাজার পরিবার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। পর্যটকের সংখ্যা কমে গেলে এসব পরিবারের জীবিকায় প্রভাব পড়ে। এবার কমবেশি পর্যটক এসেছেন এবং তারা নিজেদের পছন্দমতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আবিদ চৌধুরী বলেন, এক বছর পর আবার মৌলভীবাজারে এসেছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তবে একটি পর্যটন কেন্দ্র থেকে অন্যটিতে যাওয়ার যোগাযোগব্যবস্থা খুবই নাজুক।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকেরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে।

উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি ও ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর