বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০২:১৮:১৩ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু


সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০ জন। সব মিলিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৩২ জনের মধ্যে ৬৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৯ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ৫ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে সর্বোচ্চ ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেট বিভাগের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর