বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে সফলভাবে সমাপ্তি দূর্গোৎসবের

আজমানে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২২/১০/২০২৬ ১২:০৩:০৪ পূর্বাহ্ন

আজমানে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ছবিঃ আজকের সিলেট


দর্পণ বিসর্জন, বিহিত পূজা এবং প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রবাসের মাটিতে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এই মেলবন্ধনে প্রতিদিন সমাগম ঘটে হাজারো ভক্তের।

আমিরাতের আজমানে বিজয়া দশমীর মধ্য দিয়ে আনন্দ-উদ্দীপনা ও অশ্রুসিক্ত বিদায়ে শেষ হলো প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ আয়োজিত বৃহৎ এই শারদীয় দুর্গোৎসব।

গত শুক্রবার মহাষষ্টীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সূচনা হওয়া এই মহাযজ্ঞের পর্দা নামলো বিজয়া দশমীতে। আজমান প্রদেশের উইনার স্পোর্টস ক্লাবের পূজামণ্ডপে সকাল থেকেই অনুষ্ঠিত হয় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। ভক্তরা ফুল, প্রদীপ ও আরতির মধ্য দিয়ে দেবীর চরণে শেষ শ্রদ্ধা ও অঞ্জলি নিবেদন করেন।

দশমীর প্রধান আকর্ষণ ছিল বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। মণ্ডপে দেবীর চরণে সিঁদুর ও ভোগ নিবেদনের পর নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন।

দুপুরের পর থেকেই মণ্ডপ এলাকা ঢাক, ঢোল ও কাঁসর-ঘণ্টার শব্দ এবং ‘জয় দুর্গা মাই কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দেবীকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বহু ভক্ত। তবে বিষাদের মাঝেই ধ্বনিত হয় ‘আসছে বছর আবার হবে’র প্রত্যাশা।

প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে চতুর্থবারের মতো আজমানে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত এই উৎসবে প্রতিদিন গড়ে অন্তত ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। আজমান ছাড়াও আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসেন হাজারো বাংলাদেশি প্রবাসী।

অশুভ শক্তির বিনাশ আর সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার বার্তা নিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এই আয়োজন সনাতনী প্রবাসী বাঙালিদের এনে দিয়েছিল মিলনমেলার আনন্দ।

UAE

সিলেটজুড়ে


মহানগর