সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত চলমান থাকার মধ্যেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে মোগলাবাজার থানায় তার স্থলে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীম বলেন, ‘প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।’
মনির হোসেনের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই অভিযোগগুলোর তদন্ত চলমান আছে।’
পুলিশ সূত্র জানায়, মনির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিকভাবে নির্যাতন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মনির হোসেন। পরবর্তী সময়ে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়।
মোগলাবাজার থানায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা সামনে আসে। এরই মধ্যে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।
তবে কী ধরনের প্রশাসনিক কারণকে কেন্দ্র করে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কমিশনার বিস্তারিত কিছু জানাননি। একইভাবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস









