বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০১:০১:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেফতার


মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২ অক্টোবর দিবাগত রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলেও সূত্র জানিয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা মৌলভীবাজার শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর