যুবসমাজের হাত ধরেই এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের শাল্লায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণদের দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে।
তাঁরা আরও বলেন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








