রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও ওষুধ জব্দ, আটক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৫:০৬:৪৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও ওষুধ জব্দ, আটক ২


সিলেটের কোম্পানীগঞ্জে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করেছে পুলিশ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ টাকা। অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তবে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তি পালিয়ে যান।

অন্যদিকে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে অভিযান চালায় পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল অংশ নেয়। তাঁরা মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালান।

অভিযানকালে ওই বাড়ির বারান্দায় রাখা ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রী জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর