বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দক্ষিণ গোয়ালাবাজারে আনন্দ মিছিল ও পথসভা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দক্ষিণ গোয়ালাবাজারে আনন্দ মিছিল ও পথসভা


সিলেটের ওসমানীনগরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে যুবদলের একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পথসভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া।

ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শিপু চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা আলাউর রহমান শান্ত। এতে স্বাগত বক্তব্য দেন যুবদল নেতা ইয়াওর আলী।

পথসভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনটির রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে ঐক্য, দায়িত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার প্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দলের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ জাহাঙ্গীর, আলাউর রহমান ইয়াওর, উপজেলা যুবদলের সদস্য আনা মিয়া এবং যুবদল নেতা মিজানুর রহমান মিজু, মিজানুর রহমান জনি, মিলন মিয়া, শাহ শামিম, সমর আলী, মাছুম আহমদ, ফারুক মিয়া, ফখরুল ইসলাম, দিদার হোসেন, ইসলাম উদ্দিন, আসফাক হোসেন, আব্দুল মতিন, নিসাদুল আহমদ, আনসার মিয়া, আহমদ মিয়া, তোফায়েল আহমদ, সুহেল মিয়া ও সেলিম আহমেদসহ অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর