বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

রায়হান হত্যা মামলার রায় আজ, প্রধান আসামি আকবর কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১১:৪৩:৩২ পূর্বাহ্ন

রায়হান হত্যা মামলার রায় আজ, প্রধান আসামি আকবর কোথায়?


সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। ঘটনার প্রায় ছয় বছর পর আলোচিত এ মামলার রায় আসছে। বেলা ২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করবেন। তবে মামলার ছয় আসামির মধ্যে পাঁচজনই পলাতক রয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার ছয় আসামির মধ্যে প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ পাঁচজন পলাতক রয়েছেন। অপর একজন কারাগারে আছেন।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। তদন্তে রায়হানকে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

ঘটনার পর তৎকালীন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে কনস্টেবল হারুনুর রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে মামলার প্রধান আসামি আকবরকে আটক করা হয়।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এতে ছয়জনকে আসামি করা হয়। তাঁরা হলেন বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি এসআই আকবর গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান। ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁর জামিন স্থগিত করা হয়। তবে নিম্ন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি আত্মসমর্পণ করেননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রায় ছয় বছর আগে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ আদালতের সিদ্ধান্ত জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর