আজ মহাষষ্ঠী। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূজামণ্ডপগুলোতে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রতিবছরের মতো এবারও জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুরের ভটবাড়ি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভটবাড়ি যুব সংঘের সভাপতি রেনু শর্মা বলেন, “আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার সূচনা হবে। পূজাকে ঘিরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, ভক্তরা আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।”
ভটবাড়ি যুব সংঘের সাধারণ সম্পাদক কবি রত্ন শর্মা বলেন, “দুর্গাপূজা আমাদের কাছে আনন্দ, সম্প্রীতি ও মিলনের উৎসব। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। পূজামণ্ডপের সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপনের প্রত্যাশা করছি।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জগন্নাথপুর উপজেলার ৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আজকের সিলেট/ জেকেএস
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








