সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজন ঘিরে প্রশাসনের নির্দেশনা মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে মেলার প্রচার-প্রচারণা ও মাইকিংয়ের অভিযোগের পাশাপাশি খেলার মাঠে বাণিজ্যিক আয়োজনের কারণে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে মেলার প্রচার চালাতে দেখা যায়। এ কাজে প্রায় ৩০ থেকে ৩৫টি অটোরিকশা ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে আয়োজক প্রতিষ্ঠান সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার দাবি, প্রচারের জন্য নগরীতে মাত্র তিনটি গাড়ি বের হয়েছে।
মেলার প্রচার-প্রচারণা ও মাইকিং ঘিরে এমন পরিস্থিতির মধ্যে আয়োজনটির অনুমতি, প্রশাসনের শর্ত এবং ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠের ব্যবহার নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মেলা আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। একই সঙ্গে খেলার মাঠে মাসব্যাপী বাণিজ্যিক আয়োজন শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ সীমিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
আরও পড়ুন: সিলেটে শর্ত ভেঙ্গে খেলার মাঠে মেলা, ভোগান্তিতে নগরবাসী
মেলার মাইকিং ও প্রচার-প্রচারণা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, আমাদের মাইকিংয়ে মানুষের সমস্যা হবে না। প্রতি বছরই মাইকিং করা হয়।
তিনি আরও বলেন, আমাদের আয়োজনের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
শম্পার ভাষ্য অনুযায়ী, শুরুতে মাইকিং করার কোনো পরিকল্পনা ছিল না। তবে রিউমার ছড়িয়ে পড়ার পরই তারা মাইকিং শুরু করেছেন।
নগরীর বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৩৫টি সিএনজিচালিত অটোরিকশায় মাইকিংয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে লুবানা ইয়াছমিন শম্পা বলেন, আমার জানা মতে, প্রচারের জন্য তিনটি গাড়ি বের হয়েছে।
মেলা আয়োজনের অনুমতি, প্রশাসনের নির্দেশনা এবং মাইকিংসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাইকিং করতেছে। আচ্ছা আমি দেখব।
এ কথা বলেই তিনি ফোন রেখে দেন। মেলা আয়োজনের অন্যান্য শর্ত নিয়ে প্রশ্ন করার আগেই তিনি কল কেটে দেন।
আরও পড়ুন: সিলেটে শর্ত ভেঙ্গে খেলার মাঠে মেলা, ভোগান্তিতে নগরবাসী
ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন, প্রচারে মাইকিংয়ের ব্যবহার এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণের বিষয়গুলো নিয়ে ওঠা প্রশ্নের মধ্যে আয়োজক ও প্রশাসনের বক্তব্যে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
জনি কান্ত শর্মা 








