মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অস্থায়ী স্থাপনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৪:০৩:০১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অস্থায়ী স্থাপনা


শারদীয় দুর্গাপূজায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। অভিযানের আগে কয়েক দিন মাইকিং করে দখলদারদের ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়। এরপরও দখল অব্যাহত থাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

ফুটপাত দখলমুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ফুটপাত চলাচলের উপযোগী থাকলে পথচারীদের দুর্ভোগ কমবে এবং শহরের যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে। এ ধরনের অভিযান নিয়মিত চালু রাখার দাবিও জানিয়েছেন তাঁরা।

ইউএনও মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর