সিলেটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় ছাব্বির আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। সোমবার (১৯ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ছাব্বির বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ আগস্ট রাতে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে দেখতে পাননি তাঁর মা। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে ছাব্বির ওই শিক্ষার্থীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন বলে জানতে পারেন তাঁর মা। এ ঘটনায় ছাব্বিরকে অভিযুক্ত করে মামলা করেন তিনি।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ছাব্বির ও উদ্ধার হওয়া শিক্ষার্থীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








