সিলেটের সীমান্তপথে চোরাচালান ঠেকাতে অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া ও উৎমা বিওপির আওতাধীন এলাকায় পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকলেট ও সুপারিসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।
আজকের সিলেট/ জেকেএস









