ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি দল। বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ তামিমের আউট হওয়ার ধরন নিয়ে উঠেছে সমালোচনা। তবে দুই ইনিংসেই একই ধরনের ভুলে হৃদয়ের উইকেট হারানোই বেশি আলোচনায় এসেছে।
প্রথম ইনিংসে কিছুটা থিতু হওয়ার পর স্লগ খেলতে গিয়ে বোল্ড হন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশা ছিল তাঁর কাছে। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই বড় শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। দুই ইনিংসে তাঁর এমন আউটের ধরন হতাশ করেছে সমর্থকদের।
সমালোচনার মুখে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর বিশ্বাস, হৃদয় ভুল থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে একই পরিস্থিতিতে আরও ভালোভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
শান্ত বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, ও খুব স্মার্ট একটা ছেলে। খুব তাড়াতাড়ি শেখে। ওই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে, পরবর্তীতে এরকম পরিস্থিতি এলে এক্সিকিউশন হয়তো আরেকটু ভালো করবে অথবা পরিকল্পনা আরও ভালো হবে হৃদয়ের।’
হৃদয়ের সাম্প্রতিক কয়েকটি ইনিংস দিয়ে তাঁর সামগ্রিক সামর্থ্য বিচার করা ঠিক হবে না বলেও মনে করেন অধিনায়ক। তাঁর মতে, প্রত্যেক ব্যাটারের খেলার ধরন আলাদা। তাই চার ইনিংসের পারফরম্যান্স দিয়ে কাউকে মূল্যায়ন করা উচিত নয়।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘একেকজনের খেলা একেক রকম। চার ইনিংস দিয়ে কোনো ব্যাটসম্যানকে আমি বিচার করতে চাই না। কারও করা উচিত নয়। সবাই জানি, ওর (হৃদয়) সামর্থ্য কতটা, ও কত ভালো ব্যাটসম্যান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। এমনকি যখন প্রথম শ্রেণির ক্রিকেটও খেলে, তখনও লম্বা রান করে।’
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র চার ইনিংস ব্যাটিং করেছেন হৃদয়। এ সময়ের পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নন শান্ত। তাঁর প্রত্যাশা, ভুলগুলো শুধরে দ্রুতই নিজের চেনা ছন্দে ফিরবেন এই ব্যাটার এবং বড় ইনিংস খেলবেন।
বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে (টেস্টে) মাত্র চারটা ইনিংস ব্যাটিং করেছে। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, ও খুব ভালোভাবেই ঘুরে দাঁড়াবে এবং বড় বড় রান করবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। কারণ, ও এরই মধ্যে প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে ও কত ভালো ক্রিকেটার।’
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








