ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। নতুন দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করাই বাংলাদেশের লক্ষ্য। এর মধ্যেই স্বাগতিক শিবিরে এসেছে স্বস্তির খবর গ্লাভস হাতে উইকেটের পেছনে ফিরেছেন লিটন দাস।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন লিটন। এ কারণে ক্যারিবীয়দের প্রথম ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার। তার পরিবর্তে কিপিং করেন জাকের আলি। তবে তৃতীয় দিনের খেলায় আবারও উইকেটের পেছনে দেখা যাচ্ছে লিটনকে।
চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরেছেন তিনি। নতুন করে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং করা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে গ্লাভস হাতে মাঠে ফেরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ২৭২ রানের বেশি করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ১৩৪ রান করেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা সংক্ষিপ্ত হয়ে আসে। আজ তৃতীয় দিনে ব্যাটিং চালিয়ে যাচ্ছে সফরকারীরা।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








