মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ফিজিকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:১৬:০৫ পূর্বাহ্ন

ফিজিকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়


ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ম্যাচে জোড়া গোল করেছেন বায়েজিদ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এর ঠিক এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিজি। খেলার ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ব্যবধান কমায় তারা। তবে ম্যাচের শেষ দিকে বায়েজিদের দ্বিতীয় গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গোলটি করেন তিনি। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে ১৮৯টি দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারের মুখে পড়ে দলটি। গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষেও ড্র করে বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত ফিজিকে হারিয়ে এবারের আসরে নিজেদের একমাত্র জয়টি তুলে নিল বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী সূচি নির্ধারণ করা হবে প্লেট পর্বের জন্য। আগামীকাল এ পর্বের ফিকশ্চার প্রকাশ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর