শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ফিফা অনূর্ধ্ব-১৫ আসরে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০১:৩০:০৮ অপরাহ্ন

ফিফা অনূর্ধ্ব-১৫ আসরে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের


ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোল করতে পারেনি বাংলাদেশ। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ফলে দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলো খেলছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচের দুই অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট করে।

বাংলাদেশের ‘জি’ গ্রুপে অন্য দলগুলো হলো পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের আরেক ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।

অন্যদিকে, ওয়েলসের সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওয়েলস। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

সূচি অনুযায়ী, ২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। আসর শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর