শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

গোলাম পরওয়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০১:৩৭:১০ অপরাহ্ন

গোলাম পরওয়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

কর্মসূচিতে রিজভী দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ ইতোমধ্যে সামনে আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার জনগণের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। তিনি এটিকে সরকারের সঠিক নীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

ডেঙ্গু সচেতনতায় আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর