শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৪:০৭:০৫ অপরাহ্ন

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে  বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা


হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আলাকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার ভোরে ফজরের নামাজের সময় খালেক মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত খালেক মিয়া জানান, অগ্নিকাণ্ডে তাঁর একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, কাঠসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামালও আগুনে পুড়ে যায়। এ ছাড়া প্রায় ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, ফজরের নামাজের সময় খালেক মিয়ার ঘরে আগুন লাগে। আগুনে আসবাবপত্র, ফ্রিজ, কাঠ এবং নতুন বউয়ের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের অনুরোধ করেন।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর