শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০২:৫৬:৫৩ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ১২৫ জন। মারা যাওয়া শিশু দুটির বয়স ৩ ও ১০ মাস। তারা দুজনই সুনামগঞ্জের বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে শিশু দুটির মৃত্যুকে সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬০ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪৮ জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ছয়জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৮ জন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, পার্কভিউ হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন রয়েছেন।

এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০। দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২০২।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৭৯ জন এবং নিশ্চিত মৃত্যু চারজন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২৮ ও চার, মৌলভীবাজারে ১৫ ও একজন এবং সুনামগঞ্জে ৭০ ও একজন।

শিশুদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর এ পরিসংখ্যান সিলেট বিভাগে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে অল্পবয়সী শিশুদের মৃত্যুর ঘটনা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর