বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

‘নিপীড়নের মুখেও আদর্শ থেকে সরেননি সালাউদ্দিন আহমেদ’: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৯:৪৩:১৩ পূর্বাহ্ন

‘নিপীড়নের মুখেও আদর্শ থেকে সরেননি সালাউদ্দিন আহমেদ’: রিজভী


অত্যাচার ও রাজনৈতিক নিপীড়নের মধ্যেও দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নানা নির্যাতন-নিপীড়নের পরও সালাউদ্দিন আহমেদ বিচলিত হননি। তাঁর রেখে যাওয়া দৃষ্টান্ত অনেক জাতীয় নেতাও স্থাপন করতে পারেননি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমেদের জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

সালাউদ্দিন আহমেদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছেন না জানিয়ে রিজভী অভিযোগ করেন, জেল-জুলুম ও নির্যাতনের পরিণতিতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ভাষ্য, সালাউদ্দিন আহমেদ ছিলেন অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। তাঁর বয়সও এমন ছিল না যে এভাবে চলে যেতে হবে। জানাজায় উপস্থিত বরকতুল্লাহ বুলু ও আব্দুস সালামের চেয়েও তিনি বয়সে ছোট ছিলেন।

রিজভী বলেন, সালাউদ্দিন আহমেদের অকালমৃত্যু কেবল শারীরিক প্রয়াণ নয়; বরং অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে ক্ষতবিক্ষত হয়ে আসা জীবনের পরিণতি।

বিএনপির অতীত আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় সালাউদ্দিন আহমেদকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। কারাগারে বারবার অসুস্থ হয়ে পড়লেও তাঁকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন রিজভী।

ফ্যাসিস্ট আমলে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়নের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশজুড়ে চালানো নির্যাতনের শিকার হয়েছিলেন সালাউদ্দিন আহমেদও। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও নির্যাতন ও অন্তরীণ করা থেকে বিরত থাকেনি তৎকালীন শাসকগোষ্ঠী বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশে এখন যে গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তা দীর্ঘ সময় উপভোগ করার সুযোগ পাননি সালাউদ্দিন আহমেদ। তবে একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।

রিজভীর মতে, দলের নীতি, কর্মসূচি ও নেতৃত্বের প্রতি সালাউদ্দিন আহমেদের একাগ্রতা এবং আনুগত্য ভবিষ্যৎ রাজনৈতিক কর্মীদের জন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, যত দিন তাঁরা বেঁচে থাকবেন, সালাউদ্দিন আহমেদের আদর্শ তাঁদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

জানাজার আগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি, আমানুল্লাহ আমান এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এমপি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিবুন্নবী খান সোহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর