মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে, মোকাবিলায় বিএনপি সক্ষম: রাশেদ খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:২৬:৪২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে, মোকাবিলায় বিএনপি সক্ষম: রাশেদ খান


আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, অতীতেও দল দুটি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যা এখনো অব্যাহত রয়েছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সক্ষম।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে গভীর সম্পর্ক ছিল। এর আগে ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করতে দল দুটি দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই চক্রান্ত মোকাবিলা করেছিল। তাঁর ভাষ্য, অতীতের মতো বর্তমানোও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে হটকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী। এটাও মোকাবিলা করতে বিএনপি সক্ষম রয়েছে।”

তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ বা ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর