রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:২৭:৪২ পূর্বাহ্ন

দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে


আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নেতাকর্মীদের শৃঙ্খলাপূর্ণ ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছে বিএনপি। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক পরিবেশ নিয়ে আলোচনার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিরোধী দলগুলোর কর্মকাণ্ড এবং দলীয় সাংগঠনিক বিষয়গুলোও উঠে আসে।

দলীয় সূত্র জানায়, দুর্গাপূজা ঘিরে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও আয়োজকদের সঙ্গে সমন্বয় করে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে, এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আলোচনায় আসে। বাজার সিন্ডিকেট ভাঙতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। পাশাপাশি ব্যাংকিং খাতের পরিস্থিতি, রেমিট্যান্স প্রবাহ এবং অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন নেতারা।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের বিস্তার থেকে রক্ষায় সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ওই সদস্য আরও জানান, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দুর্গাপূজা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। সারা দেশের পূজামণ্ডপগুলোতে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কীভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, তা নিয়ে আলোচনা হয়েছে। সবার মধ্যে পূজার আনন্দ ভাগ করে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। সরকারের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রিজভী আরও বলেন, দুর্গাপূজা ঘিরে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দলের নেতারা সতর্ক রয়েছেন।

তবে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হলেও স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় কাউন্সিল কিংবা দলীয় কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত বা নতুন বার্তা তাঁর কাছে নেই বলে জানান রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা বা সিদ্ধান্তের তথ্য এখন পর্যন্ত তাঁর কাছে পৌঁছায়নি।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, ডা. ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ ও আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর