আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানানো হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ।
এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্তকে কমিটিতে রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি।
আজকের সিলেট/ জেকেএস









