শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৫ শতাধিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০২:৪৭:২৪ অপরাহ্ন

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৫ শতাধিক


সিলেট হাম সন্দেহে মারা গিয়েছে তিন বছর বয়সী এক শিশু। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হামে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৭৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। চার জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৮৭।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর বিভাগে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫ জনের। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন রোগী শনাক্ত না হলেও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর