রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ১০:১২:৫২ পূর্বাহ্ন

সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩


সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত সুমাইয়া সিদ্দিকা তানিয়া সিলেট নগরের শাহপরান এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিলেটগামী সাদাপাথর পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ভোলাগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা বাসটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সরাসরি ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করে থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর