কর্ম ও আদর্শের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন মরহুম মোহাম্মদ আবদুর রব মাস্টার। শিক্ষকতা ও সমাজসেবায় তার অবদান স্মরণ করে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা ও স্মরণ অনুষ্ঠান। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শিক্ষাব্রতী, ক্লাসরুম থেকে সমাজে শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষাবিদ, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীরা মরহুমের কর্মময় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল ছালাম দুদুর সভাপতিত্বে এবং শিক্ষক সাধন কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রেমানন্দ নাথ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান এবং জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছব্বির আলী।
বক্তারা বলেন, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে একজন শিক্ষক যখন মানুষ গড়েন, তখন তাঁর অবদান শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আবদুর রব মাস্টার ছিলেন তেমনই একজন শিক্ষাব্রতী, যাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চক্রবর্তী, বারইগ্রাম হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম এবং ইউপি সদস্য সাদিকুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্মরণসভার সূচনা হয়। পরে মরহুম আবদুর রব মাস্টারের শিক্ষা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া সাংবাদিক আনোয়ারুল ইসলামের লিখিত জীবনচিত্র পাঠ করা হয়।
ট্রাস্টের সামাজিক ও মানবিক কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ রুহেলের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
মরহুম শিক্ষকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর ভাতিজা শিক্ষাবিদ কবির খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠক জাবেদ আহমদ ও আক্তারুল ইসলাম।
স্মরণসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আজকের সিলেট / জেকেএস
বিয়ানীবাজার প্রতিনিধি 








