সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মৌলভীবাজারে চা দোকানদার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৫:২৭:২৮ অপরাহ্ন

মৌলভীবাজারে চা দোকানদার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭


মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা দোকানদার দুরুদ মিয়া তাঁর পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ক্ষুব্ধ হয়ে ছাদিক মিয়া সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর দলবল নিয়ে ফিরে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

গুরুতর আহত দুরুদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে ছাদিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর