মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৩:৫৪:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে



সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাঁদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।

এর আগে সোমবার তাঁদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল এসআরবির গণমাধ্যম শাখা।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) এবং আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিরাই থানার উশনপুর এবং ভোর পৌনে ৫টার দিকে নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

মামলার বিবরণ অনুযায়ী, গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্যবসাও করতেন।

গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকায় কয়েকজন ব্যক্তি বদরুলের পথ আটকে তাঁকে ও তাঁর সঙ্গী ছাদেককে মারধর করেন। এতে দুজনই গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা বদরুল ও ছাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (নং ১২/১৩/১০/২৬) করা হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে এসআরবি। সংস্থাটির অভিযানে মামুনুর রশীদ ও সুয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর