মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ ও সুদ পরিশোধে ব্যয় সরকারের

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন

বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ ও সুদ পরিশোধে ব্যয় সরকারের


চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি অর্থ পুরোনো ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় করেছে সরকার। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৪২ দশমিক ৩ শতাংশ। এতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে দেশের অর্থনীতিতে। সোমবার (২৬ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সরকার বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে ১৩৫ কোটি ১২ লাখ ডলার। বিপরীতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক সহায়তার অর্থছাড় হয়েছিল ১১৪ কোটি ৮৬ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে ৪৮ কোটি ৬৩ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাওয়া বৈদেশিক সহায়তার মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ডলার। আর অনুদান হিসেবে এসেছে ১১ কোটি ডলার।

তবে অর্থছাড় কমলেও বাংলাদেশকে নতুন ঋণ ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বেড়েছে। আলোচ্য তিন মাসে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ডলারের নতুন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেশি।

ইআরডির কর্মকর্তাদের মতে, নতুন ঋণের প্রতিশ্রুতি বাড়লেও বাস্তবে অর্থছাড় কমে যাওয়া এবং আগের ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার প্রবাহে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনাও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর