সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার ১৫% রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১০:১৮:৫৩ পূর্বাহ্ন

বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার ১৫% রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান


বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধার আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল ও খুচরা বিক্রয়কেন্দ্রসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থাকবে। বাকি ৮৫ শতাংশ অর্থ টাকায় রূপান্তর করতে হবে। রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি বাড়ানো এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ স্থানীয় মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতায় বৈধ বৈদেশিক লেনদেনের দায় মেটাতে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধও করা যাবে।

একই সঙ্গে বিদেশে ইস্যু করা কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এডি ব্যাংকগুলোকে।

খাতসংশ্লিষ্টদের মতে, নতুন নিয়মের ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে অর্জিত বৈদেশিক মুদ্রার ৮৫ শতাংশ টাকায় রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহও বজায় থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর