সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গৌতম বুদ্ধের আদর্শ মানবজাতির কল্যাণে অনুসরণীয়: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১০:০২:৪০ পূর্বাহ্ন

গৌতম বুদ্ধের আদর্শ মানবজাতির কল্যাণে অনুসরণীয়: রিজভী


গৌতম বুদ্ধ শ্রেণিভেদ দূর করে মানবজাতির কল্যাণের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর কাজ ও আদর্শ অনুসরণ করলে তা সমগ্র মানবজাতির উপকারে আসবে বলেও মনে করেন তিনি। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

গৌতম বুদ্ধের সরল জীবনপথ ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর আদর্শ অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হতে পারে। বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য। এসব বাণী মানুষকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয়। সমাজ ও মানবতার জন্য বুদ্ধের অবদান সমগ্র মানবজাতির কাছে অনুসরণীয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধির অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি বছরের বিভিন্ন সময়ে নিজেদের ভুলত্রুটি স্বীকার করে সহকর্মীদের কাছে প্রকাশ করেন, তাহলে ভবিষ্যতে অন্যায় করার প্রবণতা কমে আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া এবং বৌদ্ধ ভিক্ষুরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর