সিলেটের কোম্পানীগঞ্জে পুকুর থেকে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপুরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ওই গ্রামের কালা মিয়ার ছেলে।
নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরতে মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার ও জাহাঙ্গীর। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম সেখানে গিয়ে তাঁদের মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আবদুল হালিমের ছেলে ও অন্যরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পরিবার। এতে আক্তার ও জাহাঙ্গীর আহত হন।
গুরুতর আহত আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুকুর থেকে মাছ ধরা নিয়ে বিরোধের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








