সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে চিকিৎসা, একজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১০:১৩:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে চিকিৎসা, একজন আটক


হবিগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অন্য চিকিৎসকের নাম ও প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. আরিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় টাঙ্গাইলের বাসিন্দা আরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করছিলেন। তবে চিকিৎসক হিসেবে নিজের পরিচয় ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

অভিযোগ রয়েছে, আরিফ ডা. মীর মাহবুবুর রহমানের প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিতেন। পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষাও করতেন।

বিষয়টি জানার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুর বিন আকন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডা. শরীফ মো. সানজিদ জামান আদনান আরও জানান, মধুমতি ডায়াগনস্টিক সেন্টার কেন ভুয়া চিকিৎসক দিয়ে কার্যক্রম পরিচালনা করছে, তা নিয়ে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করা হবে। এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর