সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সিলেটে পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৮:২৭:১১ অপরাহ্ন

সিলেটে পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার


সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুবক, কাজশলাম এলাকা থেকে নারী ও জৈন্তাপুর এলাকা থেকে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, বেলা ৩টার দিকে নগরীর কাজলশাহ মসজিদের পাশ্ববর্তী রাস্তার পাশ থেকে এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানায়, কাজলশাহ মসজিদের পার্শ্ববর্তী রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর বেলা ৩টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে প্রেরণ করে।

কোতোয়ালী মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, মারা যাওয়া নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। লাশ হিমাগারে রাখা হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সকালে রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের গাড়ি পার্কিং এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহত ব্যক্তির সাথে কোন কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এদিকে, সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্যান্ডেল বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে নুরুল হোসেনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর