রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

লাখাইয়ে সুতাং নদীতে নেই সেতু, দুর্ভোগে ২০–২৫ গ্রামের মানুষ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৫:৪৭:৫৩ অপরাহ্ন

লাখাইয়ে সুতাং নদীতে নেই সেতু, দুর্ভোগে ২০–২৫ গ্রামের মানুষ


হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলে সুতাং নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ২০ থেকে ২৫টি গ্রামের বাসিন্দা। নদীর দুই পাড়ে পাকা সড়ক থাকলেও সংযোগকারী সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে কাদা মাড়িয়ে খেয়া পারাপার করতে হচ্ছে তাঁদের। বছরের পর বছর জনপ্রতিনিধিদের আশ্বাস পেলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বুল্লা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীর ওপারে থাকা গ্রামগুলোর সঙ্গে সহজ যোগাযোগের জন্য সেতুটি জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। তাঁদের ভাষ্য, নদীর দুই পাশে পাকা রাস্তা থাকলেও সেতুর অভাবে লাখাই উপজেলার এক অংশ থেকে অন্য অংশে সরাসরি যাতায়াত করা যায় না। অনেক ক্ষেত্রে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া হয়ে ঘুরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে।

বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে। বর্ষায় নৌকা বা খেয়া দিয়ে নদী পার হওয়া গেলেও শীত ও শুষ্ক মৌসুমে পানি কমে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। নৌকা ঘাটে ভিড়তে না পারায় যাত্রীদের কাদা মাড়িয়ে নৌকায় উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পারাপারে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

যোগাযোগের এই সংকটের প্রভাব পড়ছে কৃষিতেও। কৃষিনির্ভর লাখাই উপজেলার ভাটি অঞ্চলে বিস্তীর্ণ হাওরজুড়ে প্রতিবছর হাজার হাজার বিঘা জমিতে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। কিন্তু সেতু না থাকায় কৃষকদের এসব ফসল বাজারে নিতে অতিরিক্ত পরিবহন ব্যয় করতে হচ্ছে। খেয়া নৌকায় ধান ও অন্যান্য কৃষিপণ্য পারাপারে সময় বেশি লাগার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। এতে উৎপাদন খরচ বেড়ে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা সুতাং নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি। একই সমস্যায় বছরের পর বছর ভুগতে থাকায় হতাশা বাড়ছে তাঁদের মধ্যে। নদীর দুই পাড়ে সড়ক থাকা সত্ত্বেও কেন এতগুলো গ্রামের মানুষকে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “আমাদের অন্য কোনো বড় উন্নয়নের প্রয়োজন নেই। আমরা শুধু এই একটি ব্রিজ চাই। এই ব্রিজটি হলে আমাদের যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে। এটি এখন আমাদের কাছে স্বপ্নের মতো।”

স্থানীয়দের মতে, সুতাং নদীর ওপর সেতু নির্মিত হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হবে না, কৃষিপণ্য পরিবহনও সহজ হবে। কমবে যাতায়াত ব্যয়, বাড়বে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে।

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সুতাং নদীর ওপর দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভাটি অঞ্চলের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমীক্ষা ও প্রকল্প গ্রহণের মাধ্যমে সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর